টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের হাওর অঞ্চলগুলো প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নেত্রকোনায় কৃষিনির্ভর হাওরবাসী। কিশোরগঞ্জের বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেয়া হলেও তা অপ্রতুল বলে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গতরা।
এদিকে, মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানির গুণগত মান ফিরে আসায় মাছের মড়ক বন্ধ হয়েছে। তবে, সুনামগঞ্জের হাওরগুলোতে এখনো থামেনি মাছের মাছের মড়ক। এদিকে, পরীক্ষার পরে হাওরে পানিতে তেজষ্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ দল।
নেত্রকোনার হাওরবাসীর যখন ফসলের মাঠে ব্যস্ত সময় কাটানোর কথা ছিলো, তখন একরাশ হাহাকার নিয়ে অলস সময় কাটাচ্ছেন তারা। প্রায় ১৫ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে নষ্ট গেছে হাওরের বোরো ধান। বিষক্রিয়ায় মারা গেছে মাছ।
কৃষি ঋণ কী করে শুধবেন, তা নিয়েই চিন্তিত কৃষক। এ অবস্থায় ঋণ মওকুফ করে আগাম ঋণের দাবি জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন, যা অচিরেই কার্যকর করা হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
এদিকে, সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরের বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ছে। ডুবে যাচ্ছে হাওর অঞ্চল। এতে নতুন করে আরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি বিভিন্ন হাওরে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার সকালে সুনামগঞ্জের হাওর পরিদর্শন করে। প্রাথমিকভাবে পরীক্ষা করে হাওরের পানিতে ইউরেনিয়ামের তেজষ্ক্রিয়তার কোন প্রমান পাওয়া যায়নি বলে জানায় দলটি।
কিশোরগঞ্জের বন্যা কবলিত হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকারিভাবে ত্রাণ দেওয়া শুরু হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা।
সরকারি সহায়তার পাশাপাশি ঋণ মওকুফ, নতুন করে ঋণ প্রদান ও হাওরে অবাধে মাছ ধরার সুযোগের দাবি জানান তারা।
এদিকে, মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বন্ধ হয়েছে মাছের মড়ক। কিন্তু হতাশা কাটেনি সর্বশান্ত হয়ে যাওয়া কৃষক, জেলে ও হাসের খামারীদের। ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য আগামী জুনের মধ্যে পোনা অবমুক্ত করার প্রকল্প নেয়া হয়েছে। সেই সঙ্গে চার হাজার জেলেকে খাদ্য সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।