চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে তাদের সঙ্গে যোগ দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট। বাড়িটিতে অবস্থান নেওয়া এক দম্পতি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী গ্রামেরর একটি বাড়িতে জঙ্গি দম্পতি অবস্থান করছে সন্দেহে বুধবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে ফেলে। এসময় বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। এ অবস্থায় তাদের আত্মসমর্পণের আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানের সুবিধার্থে ঘটনাস্থলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আস্তানাটির প্রায় দুইশো গজের মধ্যে গণমাধ্যম কর্মিদের যেতে দেওয়া হচ্ছে না।
বিকেলে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যরা ঘটনাস্থলে যায়। কিছুক্ষনের মধ্যেই তারা অভিযান শুরু করবে বলে জানা গেছে।
ঘিরে রাখা বাড়িটিতে সন্দেহভাজন জঙ্গি আবু তার স্ত্রী -সন্তান নিয়ে বসবাস করছে বলে জানিয়েছে স্থানীয়রা। গত ফেব্রুয়ারিতে তারা বাড়িটি ভাড়া নেয়। তবে এর বাইরেও আরো কেউ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।