খুলনায় দেহরক্ষীসহ জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যার প্রতিবাদে শনিবার জেলায় আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলন থেকে জেলা ও মহানগর বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১০টার দিকে ফুলতলা উপজেলার নতুনহাট এলাকায় মিঠু তার নিজ বাড়ির কার্যালয়ে বৈঠক করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দিন মিঠু।
এছাড়াও মিঠু'র দেহরক্ষী নওসের আলীসহ তিন জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে নওসের আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে ১৯৯৮ সালে মিঠুর বাবা, দামোদার ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেম এবং ২০০৮ সালে মিঠুর ভাই, একই ইউপি'র চেয়ারম্যান আবু সাঈদ বাদলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।