ময়মনসিংহ, গাইবান্ধা, দিনাজপুর, পিরোজপুর ও নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ময়মনসিংহের ত্রিশাল ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ জন। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি চেলেরঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত হয় আরো ১৫ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো এক জনের মৃত্যু হয়।
আহত যাত্রীদের অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ।
এদিকে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জনের বাড়ি মেহেরপুরে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জন।
এছাড়াও দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক-মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে মারা গেছে ৩ জন। পিরোজপুর ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ জন। এসব ঘটনায় আহত হয়েছেন ৪ জন।