জেলার খবর

চট্টগ্রাম-রাঙামাটি-বান্দরবানে পাহাড় ধস, সেনা সদস্যসহ নিহত ৫১

রাঙামাটি-বান্দরবানে পাহাড় ধস, নিহত ১০
রাঙামাটি-বান্দরবানে পাহাড় ধস, নিহত ১০

প্রবল বর্ষণে গত দুদিনে তিন জেলায় পাহাড় ধসে সেনাসদস্যসহ মারা গেছেন কমপক্ষে ৫১ জন তারমধ্যে রাঙমাটিতে সেনাসদস্যসহ ৩৭ জন, চট্টগ্রামের ৮ জন ও বান্দরবানে ৬ জন।

নিহতদের মধ্যে বান্দরবানে একই পরিবারের তিন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো মাটি চাপা পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে। রাঙামাটিতে উদ্ধার অভিযান চালাতে গিয়ে মাটিচাপা পড়েছেন কয়েকজন সেনাসদস্য। আহতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে।

রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসের পর উদ্ধার অভিযানে অংশ নেয়া দুই কর্মকর্তাসহ ৪ সেনা সদস্য নিহত, আহত ১০, নিখোঁজ এক সেনাসদস্য রয়েছেন বলে জানায় তারা।

গত দুই দিনের প্রবল বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে এসব এলাকার হাসপাতালগুলোতে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে নিহত ও আহতদের।

মুষলধারে চলা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসে ৩৭ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে শহরের শিমূলতলি, ভেদভেদি, যুব উন্নয়ন এলাকায় পাহাড় ধসে ১৫ জন মারা যান। দুপুর ২টা পর্যন্ত ১৫ জনের মৃতদেহ রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়। এসব এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে, চাউখালীতে পাহাড়ধসের পর এ পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাপ্তাইয়েও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাঙামাটির অভ্যন্তরে সড়ক ও নৌপথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে এসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে প্রবল বর্ষণের সময় বান্দরবানের কালাঘাটার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহত পরিবারের সদস্যরা জানান, পানি জমে যাওয়ায় ঘরের বাইরে নালা পরিস্কার করতে বেরিয়েছিলেন তারা। ঘরের ভেতর ঘুমাচ্ছিল তাদের তিন শিশুসন্তান। মুহূর্তের মধ্যে পাহাড় ধসে ঘরের ওপর পড়ে।

এতে, ঘটনাস্থলে তাদের তিন সন্তান মারা যায়। এছাড়া আলাদা জায়গায় মারা যান আরো তিনজন। আহত হন বেশ কয়েকজন। লেমুঝিরি জেলেপাড়ায় নিখোঁজ রয়েছেন মা-মেয়ে। তাদের উদ্ধারে কাজ চলছে।

সকালের তথ্য:

প্রবল বর্ষণের পর পাহাড় ধসে চট্টগ্রামসহ রাঙামাটি ও বান্দরবানে মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ২৪ জন।

তাদের মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে ৪ জন, রাঙামাটিতে ১৪ ও বান্দরবানে ৬ জনের মধ্যে একই পরিবারে তিন জন রয়েছেন।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, এখনো মাটি চাপা পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ারসার্ভিস ও স্থানীয়রা।

সোমবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ধোপাছড়ি ইউনিয়নে প্রবল বর্ষণ ও শংক নদের ঢলে পাহাড় ধসে চার জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, কেউচা কেয়াং (১০), মেমাউ কেয়াং (১৩) , গৃহবধূ মোকাইং কেয়াং (৫০) ও শিশু মাহিয়া।

চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম।

তিনি বলেন, ছনবুনিয়া উপজাতিপাড়ায় একটি ঘরের ওপর পাহাড় ধসে একই পরিবারের দুই শিশু তিন জন মারা যায়। এছাড়া আসগর আলীর কাঁচা ঘরের ওপর মাটি ধসে পড়ে তার শিশু কন্যা মাহিয়া মারা যায়।

সকালে রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, বিভিন্ন এলাকায় পাহাড় ধসে নয় জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।

তাদের মধ্যে আট জনের নাম পাওয়া গেছে। তারা হলেন: রুমা আক্তার, নুড়িয়া আক্তার, হাজেরা বেগম, সোনালী চাকমা, অমিত চাকমা, আইয়ুস মল্লিক, লিটন মল্লিক, চুমকি দাস।

এদিকে, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান ছায়া মং মারমা জানান, পাহাড় ধসে কারিগরপাড়া এলাকায় অনুচিং মারমা ও নিকি মারমার মৃত্যু হয়েছে জেনেছি।

বান্দরবানে প্রবল বৃষ্টিতে সদরে ৬জন মারা গেছেন। তাদের মধ্যে সদর উপজেলার কানাইঘাট এলাকার রেবি ত্রিপুরা (১৮), লিমুঝিরি আগারপাড়া এলাকার শুভ বড়ুয়া (৮), মিতা বড়ুয়া (৬) ও লতা বড়ুয়ার (৫) মৃত্যু হয়।

নিখোঁজ রয়েছে জাইল্লাপাড়ায় মা কামরুন্নাহার (৪০) ও মেয়ে সুফিয়া আক্তার (২০)।

জানা গেছে, এছাড়া কোহালং ইউনিয়নের গুনগুরু এলাকার মৌকাং ইউ, মেমব্রসহ তিন জনের মৃত্যু হয়েছে।

তবে বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ সাত জনের মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ