রংপুরের পীরগঞ্জ উপজেলায় শনিবার ঈদে বাড়ি ফেরা ট্রাক উল্টে ১৭ জন মারা গেছেন।
রংপুর হাইওয়ে পুলিশের সিনিয়র এএসপি ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র বলেন, ভোর ৫টার দিকে উপজেলার কলবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটি থাকা সিমেন্টের নীচে চাপা পড়ে মারা যান তারা।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
জানা গেছে, সবার বাড়ি লালমনিরহাট জেলার কারীগঞ্জ ও আদিতমারী উপজেলায়। ঈদের ছুটিতে যাওয়া বাড়ি যাওয়া ওই ব্যক্তিদের সবাই গার্মেন্টসকর্মী।
নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- রবিউল ইসলাম, নাসিদা আক্তার, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, আনিছুজ্জামান, সুর্পণা, কোহিনুর ইসলাম, শহিদুল ইসলাম, মজনু মিয়া, সাদ্দাম হোসেন, মুনির হোসেন, রফিকুল ইসলাম, ও খলিল মিয়া।
তিনি আরো বলেন, সিমেন্টবোঝাই ট্রাকটি ৫০ জনের মত যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
তিনি জানান, গুরুতর আহত আরও ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সুলতান রেজা খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহত ও আহতদের উদ্ধার করেছে। মরদেহ বর্তমানে পীরগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশের কাছে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাকটি চালাচ্ছিল ড্রাইভারের সহকারী। চালক ঘুমাচ্ছিল। দুর্ঘটনার পর চালক ও সহকারী দুইজনেই পালিয়ে যায়।