উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ তৈরি করা হচ্ছে দিনাজপুরে। প্রায় ৫ লাখ মুসল্লির একসাথে নামাজ আদায় করার লক্ষ্য নিয়ে এই ঈদগাহের মিনার নির্মাণ কাজও প্রায় শেষের দিকের দিকে।
তবে এবারই প্রথম এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পারেন এজন্য প্রস্তুত স্থানীয় প্রশাসন। শোলাকিয়ার মতো এখানেও বড় জামাত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কিশোরগঞ্জের শোলাকিয়ার চেয়েও বড় ঈদগাহ ময়দান তৈরি করা হচ্ছে দিনাজপুরে। একসাথে প্রায় ৫ লাখ মুসল্লি যাতে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য নির্মাণ করা হচ্ছে ৫০ গম্বুজ বিশিষ্ট ঈদগাহ মিনার।
একসঙ্গে এতো লোকের নামাজ আদায় করার মত ঈদগাহ মাঠ উপমহাদেশে এটিই প্রথম। এ ঈদগাহ মিনারের মূল অংশ তৈরি করতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫০ গম্বুজের দুই পাশে ৬০ ফুট করে ২টি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট।
এসব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ ফুট। দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোড়-এ শহীদ ময়দানের পশ্চিম দিকে প্রায় অর্ধেক জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে এ ঈদগাহ মিনারটি। এমন একটি ঈদগাহ মাঠ পেয়ে স্থানীয়রা বেশ আশাবাদী।
শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশে এত বড় মিনার সম্বলিত ঈদগাহ মাঠ আর একটিও নেই বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম।
ঈদুল ফিতরের নামাজে দেশের শান্তি কামনায় মোনাজাতের মধ্যদিয়েই উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানটি যাত্রা শুরু করতে যাচ্ছে।