কিশোরগঞ্জের শোলাকিয়ার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, দিনাজপুরে এবছরই প্রথম উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ ঐতিহাসিক গোড়-এ শহীদ ময়দানের
প্রায় সোয়া ২ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছেন।
কিশোরগঞ্জের শোলাকিয়ার সোমবার সকাল ১০টার দিকে এ জামাতে শত শত মুসল্লী অংশ নেন।
রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর পাঁচ মিনিট আগে ৩টি, তিন মিনিট আগে ২টি ও এক মিনিট আগে ১টি বন্দুকের গুলি ছুঁড়ে সমবেত মুসল্লিদের নামাজ আদায়ের প্রস্তুতির জন্য সংকেত দেয়া হয়।
এ বছর জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এ মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।
এছাড়া, সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। দেশের বিভিন্ন ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।
বরিশালে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন মাওলানা শিহাব উদ্দিন বেগ। সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা যোগ দেন এতে। এছাড়াও নগরীর শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বন্দরনগরী চট্টগ্রামে সকাল আটটায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সাধারণ মানুষের সঙ্গে এখানে ঈদের নামাজ আদায় করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।
প্রায় দেড় লক্ষাধিক মুসুল্লির উপস্থিতিতে সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এছাড়া নগরীর ২৫৪টি জায়গায় ঈদের জামাত হয়।
রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গলে প্রার্থনা করেন।
নড়াইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসুল্লিরা ভেদাভেদ ভুলে অংশ নেন এতে। ভোলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ, গাজীপুর,সাভার, ফরিদপুর, রাজবাড়ী, ঝালকাঠি, কুড়িগ্রাম, নওগাঁ, নেত্রকোনা, কুমিল্লা, নাটোর, ময়মনসিংহ, শেরপুর, মৌলভীবাজারসহ দেশের অন্যান্য জায়গাতেও। সব ধরণের ভেদাভেদ ভুলে ধর্মপ্রাণ মুসুল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কোলাকুলির মধ্য দিয়ে করেন শুভেচ্ছা বিনিময়।