রাঙামাটিতে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা বরাদ্দ দিয়েছে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল-সিইআরএফ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনডিপি, ইউএফপিএ ও ইউনিসেফ নামে জাতিসংঘের তিন সংস্থা এ অর্থের যোগান দেবে।
এ অর্থ দেড় হাজার অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং ভূমিধসে বিধ্বস্ত হওয়া দেড় হাজার ঘরবাড়ি মেরামতের কাজে লাগানো হবে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস বিবৃতিতে আরো বলেন, এ দুর্যোগ প্রত্যন্ত এলাকায় হওয়ায় সাংঘাতিক মানবিক বিপর্যয় হয়েছে।
এ তহবিল দুর্গতদের জীবন রক্ষায় তাৎক্ষণিক সাহায্য হিসেবে কাজে লাগবে বলেও জানান তিনি।
এদিকে, রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের এখনো পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। আশ্রয় কেন্দ্রে অনিশ্চয়তায় মধ্যে দিন কাটছে তাদের।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
গত ১৩ জুন চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলা রাঙামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধসে বাড়ি-ঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়। মাটি চাপা পড়ে প্রাণ হারান ১২০ জন। আর আহত হন দুই শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার।
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার রয়েছে আশ্রয়কেন্দ্রে, আবার অনেক পরিবার নিয়ে চলে গেছে অন্যত্র। এক মাসেও পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ক্ষতিগ্রস্ত এ পরিবারগুলোর।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তাদের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এরইমধ্যে ঢাকা থেকে উচ্চপর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।