পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
শনিবারও দুই রুটের প্রতিটি ঘাটেই আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে ৫০০ বেশি যানবাহন।
তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে নদীতে ফেরি চলাচল করতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, ফেরিগুলো ধীরগতিতে চলাচল করায় তিন থেকে চার ঘণ্টা সময় বেশি লাগছে। এতে সময়ের সঙ্গে সঙ্গে যানজট বেড়েই চলেছে। রাজবাড়ির দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত পারাপারের অপেক্ষায় আটকে আছে পাঁচশরও বেশি যানবাহন।
এদের মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণেই ফেরি পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে দুইগুণ সময় বেশি লাগছে।