ভরা মৌসুমেও লক্ষ্মীপুরে মেঘনা নদীতে কাঙ্খিত ইলিশ মাছের দেখা মিলছে না। ইলিশ না পেয়ে অনেকটা শূন্য হাতেই বাড়ি ফিরতে হচ্ছে জেলেদের। অভাব-অনটনে দিন কাটছে হাজারো জেলে পরিবারের।
আষাঢ় মাসে বৃষ্টি শুরু হলে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ নদীতে আসতে থাকে। এসময় লক্ষ্মীপুরে মেঘনা নদীতেও জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পরে। তবে এ বছর ইলিশের মৌসুমে চিত্র ভিন্ন। দিন-রাত খাটুনি করেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ।
জেলা মৎস্য কর্মকর্তা এএইচএম মহিব উল্লা বলেন, জলবায়ু পরিবর্তন ও নদীর নাব্যতা কমে যাওয়ায় নদীতে মাছ কম পাওয়া যাচ্ছে।
মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলার রায়পুর হাজিমারা থেকে রামগতি আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা এলাকায় প্রায় ৪৭ হাজার জেলে প্রতিদিন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।
মাছ না পাওয়া কষ্টে দিন কাটছে জেলে পরিবারগুলোর। সরবরাহ না থাকায় ইলিশের আড়ৎগুলো এখন ফাঁকা।