প্রবল বর্ষণ ও উজানের ঢলে দেশের নিম্ন মধ্যাঞ্চলে আবারো বন্যা দেখা দিয়েছে। ফেনী ও কুমিল্লায় পানিবন্দি হয়ে পড়েছেন এক লাখেরও বেশি মানুষ।
কুমিল্লার ডাকাতিয়া নদীর পানি বেড়ে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জের একশরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন এক লাখেরও বেশি মানুষ।
অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা ক্লাস করছে।
বন্যাকবলিত এলাকায় ভেসে গেছে মাছের ঘের, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত। ছোট ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেনীর দাগঞভুইয়া দুটি ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে। এসব এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।