মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। টানা তিন মাস ধরে বন্যায় এখনো প্লাবিত ঘরবাড়ি, ফসলি জমিসহ বিস্তৃর্ণ এলাকা। সরকারের বরাদ্দ ত্রাণ সহায়তা শেষ হয়ে যাওয়ায়, অর্ধাহারে-অনাহারে দিন কাটছে বানভাসী মানুষের।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি কমে যাওয়ায় রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে কাউয়াদীঘি হাওরের পানি বেড়ে যাওয়ায় ফতেহপুর, পাঁচগাঁও, সদর উপজেলার একাটুনা, আখাইলকুড়া, মনুরমুখ ইউনিয়নের অধিকাংশ এলাকা এখনো প্লাবিত। ডুবে গেছে বাড়িঘর, রাস্তা-ঘাট। পানিবন্দী পড়েছেন লক্ষাধিক মানুষ।
এদিকে, দুর্গত এলাকার জন্য বরাদ্দ ত্রাণের চাল ও নগদ টাকা শেষ হয়ে গেছে। তাই নতুন করে আর ত্রাণ পাচ্ছেন না বন্যা কবলিতরা। ফলে এ দুর্যোগে তাদের দিন কাটছে অনাহারে।
সরকার থেকে নতুন করে কোন ত্রাণ সহায়তা বরাদ্দ করা হয়নি বলে জানিয়েছেন মৌলভীবাজার রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।