ভুল করে একটি বিয়ের বরযাত্রীবাহী হেলিকপ্টার বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগার পরিচালিত স্কুলের মাঠে নেমে পড়েছে।
কারা অধিদপ্তরের ডিআইজি তৌহিদুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে হেলিকপ্টারটি ভুল করে বিয়ের অনুষ্ঠানের পাঁচ জন বরযাত্রীকে কাশিমপুর কারাগারের সীমানার মধ্যে অবস্থিত স্কুল মাঠে নামিয়ে দিয়ে চলে যায়। কারাগারের কাছেই কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা।
হেলিকপ্টারটি নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে তারা আগে থেকেই গাজীপুর পুলিশ সুপারের অনুমতি নিয়ে ছিলেন।
কাশিরপুর কারাগার-২ এর জেলার প্রশান্ত কুমার বনিক জানান, হেলিকপ্টারে আসা পাঁচ জন হলেন- বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক বিল্লাল হোসেন, তার মালয়েশিয়ান স্ত্রী, তাদের দুই মেয়ে ও এক ছেলে। বিল্লালের বাড়ি কুমিল্লার হোমনা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করেন।
তিনি আরো জানান, পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে কোনাবাড়ীর এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বিল্লাল। হেলিকপ্টারের চালক ভুল করে কারা কমপ্লেক্স স্কুলের মাঠে অবতরণ করেন। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।