হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মাজহারুল হক বলেন, শনিবার সকাল ৭টার দিকে সাতকাপন ইউনিয়নের মুগকান্দি গ্রামে মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
শনিবার সকালে আবার সংঘর্ষ হলে অর্ধশতাধিক আহত হয় তাদের অনেককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কবির মারা যান। আর মতিন মারা যান সিলেটে নেয়ার পথে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় শত রাউন্ড শটগানের গুলি ও ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। আবারো সংঘর্ষের আশষ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
সংঘর্ষে নিহতরা হলেন ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির আখঞ্জী (৪৫)।
স্থানীয়রা বলছেন, মুগকান্দি জামে মসজিদের বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায় একটি পক্ষ, অপর পক্ষ ইমামের পক্ষ নেয়। এ অবস্থায় শুক্রবার জুম্মার নামাজের সময় দুই পক্ষের বাকবিতণ্ডা হয় এর জেরে বিকেলে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এরই জেরে শনিবার সকালে আবার তারা সংঘর্ষে জড়ায়।
পুলিশ কর্মকর্তা রাসেলুর রহমান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রায় ১০০ রাউন্ড শটগানের গুলি ও ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। ফের সংঘর্ষের আশষ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।