গত দুদিন ধরে ভারি বর্ষণে রাঙামাটি শহরের কয়েকটি স্থানে পাহাড় ধস ঘটেছে তবে কেউ হতাহত হয়নি।
পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও এখনো অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
দুদিন ধরে ভারি বর্ষণের কারণে রাঙামাটি শহরের নতুন পাড়া এলাকায় পাহাড় ধসে গিয়ে দুটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া একই স্থানে পাহাড় ধসে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামটির ঝুলন্ত সেতুটি প্রায় দুই ফুট পানিতে তলিয়ে গেছে।
এদিকে, ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের মাইকিংয়ের পর কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে এলেও বেশিরভাগ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রয়ে গেছে। এসব এলাকার মধ্যে রয়েছে শহরের শিমুলতলী, নতুন পাড়া, রুপনগর, লোকনাথ মন্দির এলাকা, পশ্চিম মুসলিম পাড়া বলে জানান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
গত ১৩ জুন ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যু হয়। রাঙামাটি শহরে ৬টি আশ্রয় কেন্দ্রে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত প্রায় ১৪শ নারী পুরুষ ও শিশু আশ্রয়ে রয়েছে।