কুড়িগ্রামে নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে অবনতি হয়েছে মৌলভীবাজার ও নাটোরের বন্যা পরিস্থিতি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঘরে ফিরতে পারছে না বন্যার পানিতে ভেসে যাওয়া ঘর-বাড়ির কয়েকশ পরিবার। বন্যা কবলিত এলাকার ১৪০ কিলোমিটার কাঁচা সড়ক ও ২৪ কিলোমিটার পাকা সড়ক ও ব্রীজ-কালভার্ট বিধ্বস্ত হওয়ায় ভেঙ্গে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। নষ্ট হয়ে গেছে ৫০ হাজার হেক্টর জমির রোপা আমন। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাবে ছড়িয়ে পড়ছে নানা রোগ।
মৌলভীবাজারের হাকালুকি ও হাওর কাউয়াদিঘীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট।
নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে আটক আ পড়েছে লক্ষাধিক মানুষ।
এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া টাঙ্গাইলের রেলসেতুটি আজ মেরামত শেষ হবে,পাশাপাশি রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন চলাচলও বিকেল থেকে শুরু করা যাবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।