দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ি সদর উপজেলার বিভিন্ন অংশে ভাঙাচোড়া থাকায় দুর্ভোগের শেষ নেই পথচারী, চালক ও যাত্রীদের। বিকল্প পথ না থাকায় আসছে ঈদে এ দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অস্থায়ীভাবে মেরামত করে রাস্তা যানচলাচলের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফরিদপুর, যশোর, বরিশাল, খুলনা, পাবনা ও কুষ্টিয়ার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়ক। তবে রাজবাড়ি সদর উপজেলায় গোয়ালন্দ মোড় থেকে ২০ কিলোমিটার পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় ভাঙাচোড়া আর খানাখন্দে ভরা।
বৃষ্টি এলে পানি জমে যানবাহন চলাচল আরো কঠিন হয়ে পড়ে। এতে দুর্ভোগের শেষ থাকে নেই যাত্রী ও চালকদের। ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রায় দেড় বছর আগে সড়ক মেরামত করা হলেও তা কয়েকদিনও টেকে।
পরিবহন শ্রমিক ও স্থানীয়দের অভিযোগ, ১০ চাকার ট্রাক চলাচল করার কারণেই সড়কের এ অবস্থা।
রাজবাড়ির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে অস্থায়ীভাবে সড়ক সমতল করার কাজ শেষ হয়েছে।