নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম নিহত হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ মোহাম্মদ আলমকে গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারে বের হলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে বাগানের মধ্য থেকে আলমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমের বিরুদ্ধে ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে বেশ কিছু মামলা রয়েছে। এরমধ্যে ১০টি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এদিকে, মঙ্গলবার রাতে চৌমুহনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আলমের স্ত্রী পুষ্প বেগম সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোষাকের একটি দল মঙ্গলবার সকালে বাড়ি থেকে আলমকে তুলে নিয়ে যায়।