দেশে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার মানুষের পাশে থাকবে, তাদের সহযোগিতা করবে তাই কাউকে মনোবল হারিয়ে দুশ্চিন্তা ও হতাশায় পড়তে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দিতেও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী।
সেখানে আয়োজিত জনসভায় বন্যাদুর্গতদের সবরকম সেবা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রত্যেক মানুষের খাদ্য নিশ্চিত করা হবে, ক্ষতিগ্রস্তদের ঘর করে দেয়া হবে এছাড়া বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ নেয়া কৃষকদের সুদ আদায় বন্ধ থাকবে।
তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাসে আগাম বন্যার খবর সরকার জেনেছে। খাদ্যের অভাব যাতে না হয়, এজন্য আগেই ব্যবস্থা নেয়া হয়েছে। একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেটাই সরকারের লক্ষ্য।
সরকারে থাকি আর বিরোধীদলে থাকি মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।
শেখ হাসিনা বলেন, ২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের প্রত্যেক মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যারা আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারে, তারা এ দেশের কল্যাণ করতে পারে না তারা ধ্বংস করতে পারে।
তিনি আরো বলেন, গতবারের নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে— তারা গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে তাণ্ডব চালিয়েছে।