ব্রাহ্মপুত্র, যমুনা ও পদ্মাসহ নদ-নদীর পানি কমতে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে বন্যার পানি কমছে তবে রাস্তাঘাটে পানি থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে ৮ দিন বন্ধ থাকার পর রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে কুশিয়ারা নদীর পানি না কমায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেই সঙ্গে গত তিন দিনের ভারী বর্ষণে হাকালুকি ও কাউয়ারদিঘী হাওরে পানি অস্বাভাবিক বেড়েছে।
এতে জেলা সদরের সঙ্গে বড়লেখার উপজেলার যোগাযোগ আবরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরকারি-বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ বানাভাসী মানুষের।
এদিকে, জামালপুরে সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এছাড়া শুক্রবার মানিকগঞ্জে বান্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।