ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বাইপাইল থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ৩৫ কি.মি, দীর্ঘ সারিতে ধীর গতিতে চলছে যানবাহন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ি ধীর গতি চলছে।
সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু এলাকায় দুই কি.মি. এলাকায় যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এ যানজট স্বাভাবিক হতে থাকে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের মির্জাপুর জোনের পরিদর্শক (টিআই) শাহাদৎ হোসেন সেলিম জানান, ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া এলাকায় নাহিয়ান ফিলিং স্টেশনের সামনে দুটি ট্রাকে সংঘর্ষ হয়। ট্রাক দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হতে থাকে। এখন পর্যন্ত এ মহাসড়কে ধীরগতিতে গাড়ি চলছে।
অন্যদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্কেলের অনিয়মের কারণে সেতু এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।
এদিকে, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা–গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে আটকে আছে ঘরে ফেরারা। গতকাল রোববার রাত ১২টা থেকে যানজট শুরু হয়।
সোমবার সকাল ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে এ যানজট।
এশিয়া ট্রান্সপোর্ট বাসের চালক নজরুল ইসলাম বলেন, এই সড়কে কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।