ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। যানবাহনের বাড়তি চাপ, সড়ক দুর্ঘটনার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইলের মির্জাপুরে একটি ট্রাক উল্টে যায়— এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় যানজটের সৃষ্টি হয়। পরে এটি চন্দ্রা পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এছাড়া পশুবাহী ট্রাকসহ যানবাহনের বাড়তি চাপের কারণে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। এতে থেমে থেমে ধীরগতিতে চলছে সব যান। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাকাল হচ্ছেন যাত্রীরা। তবে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কোনো যানজট নেই। তবে গজারিয়ার ভাতেরচর থেকে মেঘনা সেতু পর্যন্ত তিন কিলোমিটার ও সোনারগাঁ চৌরাস্তা থেকে মদনপুরের কেউঢালা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট রয়েছে।
মঙ্গলবার ভোর থেকে এ যানজটের শুরু হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মজুমদার বলেন, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।