টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
বিগত দিনের সকল রেকর্ড ভঙ্গ করে হাকালুকি ও কাউয়াদিঘী হাওরে পানি ফুলে ফেঁপে উঠছে। ফলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।
জেলার হাওরাঞ্চলের মৌলভীবাজার সদর, রাজনগর,কুলাউড়া ,জুড়ি ও বড়লেখা উপজেলার অন্তত ২৫টি ইউনিয়নের ২৩৩ গ্রাম প্লাবিত হয়ে দুই লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধিতে প্রতিদিন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ওইসব এলাকার মানুষজন গবাদি পশু ও নিত্য প্রয়োজনিয় জিনিষপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে কেউ আশ্রয় নিয়েছেন ওয়াপদা বাঁধে, আবার কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িসহ নিরাপদ স্থানে।
এ পর্যন্ত ২০ টি আশ্রয় কেন্দ্রে তিন শতাধিক পরিবারের হাজারো দুর্গতদের জ্বালানি, ওষুধ, ত্রাণ, সেনিটেশন ও বিশুদ্ধ খাবার পানির সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি বেসরকারি ত্রাণ দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ দুর্গত মানুষের।