মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে দুটি নৌকাডুবির ঘটনায় মারা গেছেন ১৯ জন রোহিঙ্গা। পরে তাদের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহতদের মধ্যে ১০ জন শিশু ও নয় জন নারী।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোহিঙ্গাদের নিয়ে নৌকা দুটি নাফ নদী পেরিয়ে বঙ্গোপসাগর হয়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ও মাঝারপাড়া কূলে ভেড়ানোর আগে জোয়ারের ধাক্কায় নৌকাগুলো ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত এক সপ্তাহে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকটি নৌকা ডুবে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের রাখাইনে সেনা সহিংসতা থেকে বাঁচতে এখনো রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে জড়ো হচ্ছেন।
অনেকে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের মানবিক সাহায্য দিয়ে আবার স্বদেশে ফেরত পাঠাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।