ময়মনসিংহের ত্রিশালে ডিবি পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ ও গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।
ভোরে উপজেলার হরিরামপুর এবং বৈইলরে পৃথক ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান।
তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশিকুর রহমান জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের ঝিটকারপুল এলাকায় রাতে সাড়ে ৪টার দিকে গরু ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।
এ সময় একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, উপজেলার বৈইলর ইউনিয়নের সালামের দোকান সংলগ্ন একটি বাড়িতে গরু ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈইলর ইউনিয়নের সালামের দোকান সংলগ্ন বাড়িতে ৮/১০ জনের একটি ডাকাত দল গরু চুরি করতে আসে। স্থানীয়রা তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও একজনকে ধরে গণধোলাই দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই সে মারা যান।
দুইজনের মরদেহ থানায় আনা হয়েছে।