শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় ডুবে যাওয়া তিনটি লঞ্চের উদ্ধার কাজ দ্বিতীয় দিন-মঙ্গলবারের মতো শুরু এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দুলারচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান,নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস নৌযানে করে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু করেছে—এর মধ্যে দুটি লঞ্চের সন্ধান পাওয়া গেছে।
ওসি বলেস, দুর্ঘটনার স্থল থেকে ৮/৯ কিলোমিটার দূরে সজল তালুকদার (৩৫) নামে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানয়ীয়রা পুলিশকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নড়িয়া-২ লঞ্চের কর্মচারী ছিলেন।
তিনি আরো বলেন, নিখোঁজ যাত্রীদের মধ্যে ১৪ জনের নাম পাওয়া গেছে।
তারা হলেন: রবিন সরদার (২০), লিটন শেখ (২৫), মানিক সরদার (৩৫), বশির (২৯), মো. রফিক (৫০), পলাশ (২০),জাকির (৪৫), শাহ আলম (৩৫),সালাউদ্দিন (৩০),জয় (১৬), সাদেক (২২),ফকরুন্নেছা বেগম(৫০),পারভীন বেগম (৩৫) ও পারভীনের পাঁচ দিনের নবজাতক শিশু রয়েছে।
বিআইডব্লিউটিএয়ের উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, উদ্ধারকারী জাহাজ এমভি প্রত্যয় উদ্ধার কাজ শুরু করেছে। এছাড়া মাওয়া থেকে ডুবুরিদের একটি দল ও খুলনা থেকে নৌবাহিনীর ১৫ সদস্যের একটি দল এসে পৌঁছে উদ্ধারে কাজ করছে।
প্রসঙ্গত: গতকাল শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় ওয়াপদা চেয়ারম্যান ঘাটের টার্মিনালে তীব্র স্রোতে তিনটি লঞ্চ ডুবে যায়। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।