তিন শ্রমিককে আটকের প্রতিবাদ ও তাদের মুক্তি দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।
রোববার সকাল ৬টা থেকে জেলার সব রুটে একযোগে এই ধর্মঘট শুরু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয় পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকা এ ধর্মঘটে সমর্থন জানিয়েছে জেলার পরিবহন মালিক সংগঠনগুলোও।
ধর্মঘটের কারণে কুষ্টিয়া থেকে কোনো রুটে যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচল করছে না— এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
কুষ্টিয়ার বটতৈল এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এককেজি হেরোইন উদ্ধারের পর র্যা ব সদস্যরা ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে।
এ ঘটনার পর তাদের মুক্তি দাবিতে জেলার সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন সংগঠনগুলো।
কুষ্টিয়ার বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী জানান, 'তিন বাস শ্রমিককে আটক করে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শ্রমিকরা এর প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করছেন।
এ ধর্মঘটে মালিক পক্ষের সমর্থন রয়েছে তবে আমরাও চাই প্রকৃত মাদক ব্যবসায়ীকে যেন গ্রেপ্তার করা হয় আযথা হয়রানি যেন না করা।