নিম্নচাপের কারণে ভোর থেকে টানা বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অস্থায়ী ঝুপড়িগুলোও অনেকাংশ ভেঙে গেছে।
বৃষ্টির কারণে মানবেতর জীবন যাপন করছে ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
এদিকে, আজও-মঙ্গলবার কক্সবাজারের কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি এসময় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
কক্সবাজারের কুতুপালং ও উখিয়াসহ আরো বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে প্রতিনিয়তই। বাংলাদেশ সরকার এসব শরণার্থির জন্য তৈরি করে দিয়েছে অস্থায়ী আশ্রয় ক্যাম্প। এছাড়াও বাংলাদেশে সেনাবাহিনীর সহায়তায় চলছে শেড নির্মাণের কাজ। রয়েছে লঙ্গরখানাও।
তবে,জাতিগত শুদ্ধি অভিযান থেকে প্রাণে বেঁচে গেলেও অসহায় এসব রোহিঙ্গাকে প্রতিনিয়তই যুদ্ধ করতে হচ্ছে কখনও বুনো হাতির সঙ্গে কখনো বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে।
এরমধ্যে সকাল থেকে টানা বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অস্থায়ী ঝুপড়িগুলোও অনেকাংশ ভেঙে গেছে। বৃষ্টি উপেক্ষা করেই নতুন করে আবারো ভেঙে যাওয়া ঝুপড়িগুলো মেরামতে ব্যস্ত তারা। মানবেতর জীবন যাপন করছে ক্যাম্পে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গা।
এরআগে, রোববার ভোরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ রোহিঙ্গা।