কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের জন্য প্রচুর ত্রাণ আসছে— বিভিন্ন সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকেই ত্রাণ দিচ্ছেন। কিন্তু প্রচুর ত্রাণ থাকার পরও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ঠিকমত বিতরণ করা যাচ্ছে না।
কেউ কেউ দিনে একাধিকবার ত্রাণ পেলেও কেউ কেউ কিছুই পাচ্ছে না। ত্রাণদাতা আর উন্নয়ন সংস্থাগুলো মনে করছে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে শরণার্থীদের সবার হাতেই ঠিকভাবে ত্রাণ পৌঁছে দেয়া সম্ভব।
উখিয়ার রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র ঘুরে আমাদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজ জানান এসব কথা।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাক-কাভার্ড ভ্যানে করে ত্রাণ যাচ্ছে টেকনাফ ও উখিয়ায়। ব্যক্তিগত ও নানা সংগঠনের উদ্যোগে সংগ্রহ করে রোহিঙ্গাদের কাছে তুলে দেয়া হচ্ছে এই ত্রাণ। কেউ সরাসরি খাবার রান্না করে বিতরণ করছেন কেউ আবার দিচ্ছেন চাল, ডাল, ত্রিপল, বিস্কিট ও পানিসহ প্রয়োজনীয় সামগ্রী।
একটি ত্রাণের গাড়ি দেখলেই ছুটে যাচ্ছেন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু। হুড়োহুড়িতে ট্রাক থেকেই ছুড়ে দেয়া হচ্ছে এসব ত্রাণ সামগ্রী।
বিশৃঙ্খলার মধ্যে বাধ্য হয়ে দেয়া হচ্ছে ত্রাণ। ফলে কেউ পাচ্ছে কয়েকবার আবার অনেকেই কিছুই পাচ্ছেন না।
ত্রাণ সহায়তার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা ও স্যানিটেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কাজ করছে জানান বেসরকারি ‘ইপসার’ প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম