রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতার কারণে বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি একটি মহল তাকে হত্যার ষড়যন্ত্র করছে— তাদের এ ষড়যন্ত্র সফল হবে না এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে নিহত পরিবারে মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা বিশ্বের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করছে- কিন্তু দেশের একটি দলের নেতা-কর্মীরা প্রতিনিয়ত তাকে সমালোচনা করছেন।
এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলা হল রুমে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এবং ৩১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোরুল আযীম উপস্থিত ছিলেন।