লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। মাছ বিক্রি করে সংসারের খরচ মিটিয়ে ঋণ পরিশোধও করতে পারছেন জেলেরা।
জেলায় এ বছর ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন— যার বাজার মূল্য ৭৫০ কোটি টাকা।
কয়েক সপ্তাহ আগেও লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশের দেখা পাননি জেলেরা— দেরীতে হলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ।
এই ইলিশ বিক্রি করে সংসারের খরচ মিটিয়ে মহাজনের ঋণ পরিশোধ করছেন জেলারা।
৩০টি ঘাটে ইলিশ মাছ বেচাকেনায় প্রতিদিন লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। বাজারে ৫শ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা দামে। আর ৮০০ গ্রাম থেকে ১০০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
লক্ষ্মীপুর জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ জানান মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মাছ ধরায় কঠোর নিষেধাজ্ঞার কারণেই মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে।
জেলায় প্রায় ৬৫ হাজার জেলে রয়েছেন— যাদের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৫ হাজার ৭৩১ জন।