বৈদেশিক চাপের কারণে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাত্রা কমিয়েছে এবং তাদের সুর নরম হচ্ছে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রোহিঙ্গাদের ক্যাম্পগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরো বলেন, সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব হয়েছে।
মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে তারা রাজনৈতিভাবে এতিম হয়ে গেছে তাই এখন তারা সব কিছুতেই পুরনো ভাঙা রেকর্ড বাজাচ্ছেন।
এদিকে, দুপুরে রোহিঙ্গা সংকট বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। আর সে জন্যই বিশ্বের বেশ কিছু দেশ বাংলাদেশের পক্ষে কথা বলছে। তবে যারা এখনো এ বিষয়ে মিয়ানমারের পক্ষে রয়েছে, তারাও শিগগিরই বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে।
সামরিক তৎপরতার মাধ্যমে কোনোভাবেই রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব নয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এজন্য তাদের দেশে ফেরত পাঠাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজছে বাংলাদেশ।
এদিকে, গত দুই দিনের তীব্র গরমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে রোহিঙ্গারা।
আজ রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা।
এখনো টেকনাফের শাহপরীদ্বীপ, উংচিপ্রাংগ ও শাপলাপুড় সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ অব্যাহত রয়েছে। সোমবার একদিনেই ৬ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
গত ২৫ আগস্ট থেকে প্রাণ বাঁচাতে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।