নড়াইলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মনি কুমার বিশ্বাস নামে এক শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।
অভিযোগ উঠেছে, দাবি করা চাঁদা না পেয়ে স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেন ও তার অনুসারীরা তাকে নির্যাতন করেছে। ভয়ে চার দিন বাড়িতে অবরুদ্ধ থাকার পর পুলিশ তাকে উদ্ধার করেছে।
লাহুড়িয়া ইউপি সদস্য আকবর হোসেন ও তার কর্মীরা বেশ কিছুদিন ধরেই নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনি কুমার বিশ্বাসের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ অক্টোবর রাতে ইউপি সদস্য আকবর হোসেন তার কর্মীদের নিয়ে মনি কুমারকে বাড়ির পাশে গাছে বেঁধে মারধোর করে।
মনি কুমারে পরিবার থেকে এসময় তাদের পঞ্চাশ হাজার টাকাও দেয়া হয়।
পরবর্তীতে বাকি সাড়ে চারলাখ টাকা আদায়ের জন্য ব্যাংক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষরও নেয় অভিযুক্তরা। তাদের ভয়ে চার দিন বাড়ির বাইরে বের হননি এই শিক্ষক ও তার পরিবারের সদস্যরা।
খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ মনি কুমারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শিক্ষকের স্ত্রী বাসনা রাণী বাদি হয়ে ওই রাতেই ইউপি সদস্য আকবর হোসেনসহ ছয় জনকে আসামি করে থানায় মামলা করেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, মামলা করার পরদিনই রবিউল ইসলাম নামের এক আসামিকে আটক করা হয়েছে।
শিক্ষক নির্যাতনের ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চান এলাকাবাসী।