বাংলাদেশে পাঠানোর জন্য যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে রোহিঙ্গাদের জড়ো করছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
তবে, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কড়া নজরদারিতে গত দু'দিন ধরে জড়ো করা রোহিঙ্গাদের সীমান্তের এ পারে পাঠিয়ে দিতে সক্ষম হয়নি তারা।
রোববার সকালে পুটখালী সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের জমায়েত হতে দেখা গেছে।
স্থানীয়দের আশঙ্কা বিএসএফ যেভাবে জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে চাইছে তাতে যেকোনো সময় সীমান্তে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতির ঘটনা ঘটতে পারে।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হোসেন জানিয়েছেন, শনিবার রাতে বিএসএফ বাংলাদেশে পাচারের জন্য বেশ কিছু রোহিঙ্গাকে তাদের আংরাইল সীমান্তে জড়ো করেছে।
এরপর তাদের নিয়ে আসা হয় ইছামতি নদীর তীরে। এ খবর পাওয়ার পর থেকে ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এ অবস্থায় শনিবার সারাদিন ও রাত নদীর পাড়েই বসিয়ে রাখা হয় জড়ো করা রোহিঙ্গাদের। পরে, সকাল সাড়ে ১০ টার দিকে বিএসএফ রোহিঙ্গাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।