কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুরা পাচার, যৌন নিপীড়ন ও শিশুশ্রমের বিপজ্জনক ঝুঁকিতে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক শিশু অধিকার সংগঠন সেইভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলে থরনিং স্কমিৎ।
ঢাকার একটি হোটেলে শনিবার সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রোহিঙ্গাদের ঠাসাঠাসি করে বাস, লেখাপড়ার অভাব ও ব্যাপক হতাশাসহ নানা কারণে এসব ঝুঁকি দেখা দিয়েছে।
ক্যাম্পগুলোতে শিশুদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন সেইভ দ্য চিলড্রেনের সিইও।
এদিকে, রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বজুড়ে মিয়ানমারের সমালোচনা চললেও বেইজিং এখনো তাদেরকে সমর্থন দিচ্ছে বলে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা গোয়া ইয়েঝা জানিয়েছেন।
গতকাল তিনি সাংবাদিকদের বলেন, চীন রাখাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা জানায় এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমারের পদক্ষেপকে সমর্থন করে।