নরসিংদীর মাধবদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সোমবার ৬ জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় তারা মারা যান।
নিহতরা হলেন: বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার রূপশী বস্ত্র বিতানের মালিক রেজাউল করিম (৩৪), শখ কসমেটিক্সের মালিক খায়রুল বাশার খয়ের (৪২), মতিন ক্লথ স্টোরের জোবের আহমদ (২৭) ও জসিম উদ্দিন (২৬), মরটিনের বিয়ানীবাজারের ডিলার ইকবাল আহমদ (২৮) ও মাইক্রোবাস চালক বাবুল আহমদ (৩৫)।
মাইক্রোবাসের অপর যাত্রী কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা সকাল ৯টা পর্যন্ত ওই মহাসড়ক অবরোধের পর শত শত যানবাহন আটকে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
মাধবদী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, সকালে নরসিংদী থেকে নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা কক্সবাজার থেকে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে নরসিংদী সদর হাসপাতালে আরও দুই জন মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ওসি মো. ইলিয়াস সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে মাধবদী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের সবার বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়।