ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার ডাকাতের গুলিতে দুই গ্রামবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে ১৮ থেকে ২০ জনের একটি ডাকাত-দল স্পিডবোট নিয়ে পদ্মা মৃধাডাঙি গ্রামে যায়। সেখানে সামচেল ফকির নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের উৎসব চলছিলো। ডাকাতদের দলটি সে বাড়িতে হামলা চালায়। তারা চারটি দলে ভাগ হয়ে বাড়িতে লুটপাট চালিয়ে আর একটি বাড়িতে ডাকাতি করতে যায়।
এ সময় বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা ডাকাতদের তাড়া করে। নদীর পাড়ে গিয়ে ভাসিয়ে দেয় ডাকাতদের স্পিডবোট। এসময় সেখানে থাকা ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ মিয়া নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিন জন।
পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেন্টু নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।