গাজীপুরের কালিয়াকৈর রেলক্রসিংয়ে বিকল ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় ট্রেনের সহকারি চালকের মুত্যু হয়েছে।
এতে আহত হয়েছেন ট্রেনের চালকসহ ১৫ জন।
দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল ৬ ঘন্টা বন্ধ থাকে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ের উপর বিদ্যুতের খুটিবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনি এক্সপ্রেস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রেনের সহকারি চালক নূর আলম মারা যান।
আহত ট্রেনের চালকসহ ১৫ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, দুর্ঘটনার পর থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, রয়েল গ্রুপের একটি ট্রাক রেলক্রসিংয়ে এসে বিকল হয়ে যায়। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস রাত ২টার দিকে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নূর আলম নিহত হন। দুর্ঘটনায় আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সকাল ৮টার দিকে দুর্ঘটনায় পড়া ট্রেনটি উদ্ধারের পর আবার ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমের রেল যোগাযোগ শুরু হয়।