নড়াইলে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে আট জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার ভোরে তপনবাগ গ্রামের প্রায় ৯ একর সরকারি ঘেরের মালিকানা দাবি করে মাছ ধরতে যান ওই গ্রামের গোলাম রসুলসহ তার লোকজন। এসময় ওই ঘেরের ইজারাদার সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমানের পাহারাদার আব্দুর রহমানসহ অন্যারা বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত আব্দুর রহমানকে যশোর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে—এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।