বাংলাদেশে এ মুহূর্তে আমরা ভয়ঙ্কর মানবতা লাঞ্ছিত একটি রাজনৈতিক সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করছি—এ লাঞ্ছনার জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন সরকার।
শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিরয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সংবাদপত্র ও গণমাধ্যমে দৃষ্টি নিক্ষেপ করলেই দেখা যায় সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা গুমের শিকার হচ্ছেন বিরোধীদলের নেতাকর্মীসহ বিরোধী চিন্তার মানুষেরা বলেন রিজভী।
বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে কেউ যাতে বাধা হয়ে না দাঁড়ায় এজন্য এসব কাজ করেছে তারা—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এটি করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন চৌধুরীর মতো জনপ্রতিনিধদের গুম করেছেন।
এটি শুধু বিরোধীদল ও মতের প্রতি নয়, সরকারের সাথে কারো যদি মতপার্থক্য হয় তাহলে এ সরকারের দ্বারা গুমের শিকার, অপহারণ অথবা বিচার বহিভূর্ত হত্যার শিকার হচ্ছেন।
এরকম একটি পরিস্থিতির মধ্যদিয়ে আগামীকাল ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা, মহানগরসহ সারাদেশে প্রতিটি জেলায় বিএনপি মানববন্ধন পালন করবে—ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন পালন করবে বিএনপি বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম লেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রমুখ।