চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে আয়োজিত মেজবানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণেই এ দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
সদ্য প্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে চট্টগ্রাম নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়। নগরীর আসকার দিঘি এলাকায় রীমা কমিউনিটি সেন্টারে আয়োজন ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমিউনিটি সেন্টারের গেট খুলে দিলে হুড়োহুড়ি করে সবাই ঢুকতে গেলে অনেকেই রাস্তায় পড়ে যান। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: সুবীর দাশ, কৃষ্ণ প্রসাদ দাশ, প্রদীপ তালুকদার, জন্টু দাশ, ধনা শীল, টিটু ও লিটন দেব।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনকই। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
চট্টগ্রামের তিনবারের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গত ১৫ ডিসেম্বর মারা যান।