রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে ৩০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার ৮ নম্বর ওয়ার্ডের সিগারেট কোম্পানী এলাকায় ভোট গনণা শেষে প্রথমে ঘুড়ি প্রতীকে মঞ্জুম কুটিয়ালীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করে ভোটকেন্দ্র। পরে মধ্য রাতে প্রতিদ্বন্দী মানিক মিয়াকে এক ভোটে জয়ী বলে ঘোষণা করা হয়। এতে রাত থেকে সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনায় সকালে ঘুড়ি প্রতীকে কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করে করে। এতে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।