দেশপ্রেমে উজ্জীবীত হয়ে ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিকে রাষ্ট্রপতি কুচকাওয়াজে এ কথা বলেন তিনি।
সততা ও নিষ্ঠার সঙ্গে মাতৃভূমি রক্ষায় কাজ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া বিকেলে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে, ১৮টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ১২টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিমান বাহিনীকে আরো শক্তিশালী করতে ও এর সক্ষমতা বাড়াতে বরিশাল ও সিলেটে বিমান ঘাঁটি নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
এর আগে, সকাল ১১টার দিকে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে হেলিকপ্টারে করে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন ছাড়াও তাদের পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন তিনি।
বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত থাকতে হবে।
ক্রমবর্ধমান প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর দক্ষতা অর্জনে তাদের সচেষ্ট থাকতে আহ্বান জানান তিনি।
বাংলাদেশকে সবাই একসময় অবহেলার দৃষ্টিতে দেখতো। কিন্তু এখন বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান বেড়েছে। এ সম্মান যেন সবসময় যেন বজায় থাকে, তা খেয়াল রাখতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের সম্পদ দিয়েই গর্বিত জাতি হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ।