ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনটির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে, সিলেটে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে চবির জিরো পয়েন্টে শাটল ট্রেনভিত্তিক সংগঠন ভিএক্স ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে ঘটনার সূত্রপাত হয়। পরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া সোহরাওয়ার্দী হল পর্যন্ত গড়ায়।
সংঘর্ষে দুই ছাত্রলীগকর্মী আহত হন, তারা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের সাইফ মাহমুদ ও গণিত বিভাগের নাজমুল সামির।
সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, দুইপক্ষের মধ্যে সমস্যা হয়েছিল পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আয়োজন করে ছাত্রলীগ। সেখানে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ভিএক্স গ্রুপের ছাত্রলীগ নেতা বিপুল এবং সিক্সটি নাইন গ্রুপের মনসুর আলমের অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরে উভয়পক্ষ সোহরাওয়ার্দী হল মোড়ে অবস্থান নিতে চাইলে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় –দুই পক্ষ ঢিল ছুড়তে থাকে।
পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই পক্ষই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
সিক্সটি নাইন গ্রুপের নেতৃত্বে থাকা মনসুর আলম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলার আসামি।
এদিকে, নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশের অন্যান্য জায়গায় পালিত হয়েছে সংগঠনটির ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বরিশালে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে মহানগর ছাত্রলীগ কেক কেটে জন্মদিন পালন করে। গোপালগঞ্জে জেলা ছাত্রলীগ সকালে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করে।
কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়া কুড়িগ্রাম, নাটোর, দিনাজপুর, বগুড়া, মুন্সিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।