কয়েক দিনের অব্যাহত শৈত্যপ্রবাহ ও শীতের তীব্রতায় পাবনায় নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
শীত শুরুর পর থেকে গত দুই মাসে পাবনা জেনারেল হাসপাতালে প্রায় সাড়ে তিন হাজার শিশু এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়। আর এদের মধ্যে ৭২টি শিশুর মৃত্যু হয়েছে।
গত কয়েকদিন ধরে সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পাবনায় প্রচণ্ড ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তাই অভিভাবকরা শিশুদের চিকিৎসার জন্য ছুটছেন হাসপাতালে।
গত দুই মাসে শীতজনিত রোগে আক্রান্ত হওয়া প্রায় সাড়ে তিনহাজার শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরমধ্যেই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭২টি শিশু।
আড়াইশো শয্যার এ হাসপাতালে শিশু ওয়ার্ডে রয়েছে মাত্র ৩৩টি শয্যা— গড়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে ১০ থেকে ১২ শিশু— এ অবস্থায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা জানান পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড সহকারি রেজিস্টার রাবেয়া খাতুন।
এদিকে, আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা হাসপাতালটিতে না থাকায় প্রতিদিনইএখান থেকে ৩/৪জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকায় পাঠানো হচ্ছে।