নারায়ণ গঞ্জের সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ।
নগরীতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভী ও সাংবাদিকদের ওপর হামলার বুধবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে একঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অস্ত্র হাতে নিয়ে হামলাকারী সন্ত্রাসী নিয়াজুলসহ সকল অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন তারা।
এসময়ের মধ্যে অস্ত্রধারী হামলাকারী নিয়াজুলকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঢাক দেয়া হবে।
মানববন্ধনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সত্য প্রকাশ থেকে বিরত রাখার জন্য এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের হাসলার ভয়ে সাংবাদিকরা বসে থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবে তারা।
প্রশাসেন উদ্দেশ্য করে নেতারা বলেন, সাংবাদিকদের নিরাপত্ত দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন।
প্রভাবশালীদের খুশি করতে জনগণের টাকায় আপনাদের বেতন ভাতা দিয়ে নিরাপত্তার মহান দায়িত্ব অর্পিত করেছে সরকার। আর যদি জনগণের নিরাপত্তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে এ জেলা ছেড়ে চলে যান।
পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মেয়র আইভী সহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, যমুনা টেলিভিশনের স্টাফ কনেপনডেন্ট আমির হুসাইন স্মিথ, ইনডিপেনডেন্টের জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, আরটিভির মো. শফিকুল ইসলামসহ ১০/১২ জন সাংবাদিকের ওপর সন্ত্রাসীর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তারা।
গতকাল সংঘর্ষের সময় অস্ত্র হাতে নিয়ে থাকায় সন্ত্রাসী নিয়াজুলকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয় তারা।