রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে মিয়ানমারে ফেরাতে সুইজারল্যান্ডের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে।
রোহিঙ্গা সংকটে ত্রাণ সহায়তাসহ নানা তৎপরতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার কথাও জানান তিনি।
মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে সকাল ১১টার দিকে সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে করে সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে কক্সবাজার বিমানবন্দরে অবতরন করেন।
বেলা সাড়ে ১২টার দিকে প্রেসিডেন্ট বেরসে উখিয়ার কুতুপালং ডি-৪ ব্লকে পৌঁছান। সেখানে তিনি জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গাদের কাছে রাখাইনে সেনাবাহিনী নির্যাতন-নিপীড়নের কথা শোনেন সুইস প্রেসিডেন্ট।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে।
তিনি বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মহানুভবতা দেখিয়েছে তা নজিরবিহীন— এ জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে।
গতবছরের আগস্ট মাস হতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিভিন্ন সময়ে বিতাড়িত এসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং কক্সবাজারের কুতপালংসহ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়।
এর আগে ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইস প্রেসিডেন্ট চলমান রোহিঙ্গা সংকটে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশে সরকারি সফর করছেন। তিনি কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সাথেও কথা বলবেন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করবেন।
সুইস প্রেসিডেন্ট বিকেল সোয়া ৩টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।