এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় নাটোরের লালপুরে ১০ শিক্ষার্থী ও এক সহকারী শিক্ষিকাসহ ১৩ জনকে আটক করেছে র্যা ব। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মুঠোফোনে প্রশ্ন ও উত্তরপত্রসহ তাদের আটক করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও র্যা ব-৫ সিপিসি ২ এর মেজর শিবলী মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয় ও রাজারহাট উচ্চ বিদ্যালয়ে অভিযান চালায় র্যা বের একটি দল।
পরীক্ষা শুরুর আগে কয়েকজন শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে ১৫ ফেব্রুয়ারির রসায়ন পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। এ সময় প্রশ্ন ফাঁসের অভিযোগে তাদের আটক করা হয়।
এদিকে, ফাঁস হওয়া প্রশ্নপত্র মুঠোফোনে রাখার ঘটনায় চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করা ১০ শিক্ষার্থীর জামিন দিয়েছে আদালত। বুধবার ১১ শিক্ষার্থীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাদের পক্ষে ৪০ আইনজীবী উপস্থিত হন। শিক্ষার্থীদের রিমান্ডের আবেদন না মঞ্জুর করে জামিন দেওয়ার আবেদন জানান তারা।
পরে চট্টগ্রাম মহানগর শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস অভিভাবকদের কাছ থেকে হলফনামা নিয়ে আইনজীবীদের জিম্মায় ১০ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। হলফনামা গ্রহণযোগ্য না হওয়ায় একজন শিক্ষার্থীর জামিন হয়নি।