সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিজেদের বাড়িঘরে ফেরাতে বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার।
ঘুমধুম সীমান্তে আয়োজিত ওই বৈঠকে বাংলাদেশ থেকে ১৪-১৫ জন প্রতিনিধি অংশ নেবেন। দু'দেশের যৌথ প্রতিনিধি দল সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলবেন।
ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের শূন্যরেখায় মিয়ানমার অংশে সাড়ে ছয় হাজারের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ ও জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর তাদের খাবার সরবরাহ করছে।
এসব রোহিঙ্গাদের বাড়ি সীমান্তের খুব কাছে। আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মনে করে সংকট সহসাই নিরসন হবে এবং তারা নিজেদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। তারা আরও মনে করে বাংলাদেশে প্রবেশ করলে তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে যাচাই-বাছাইসহ নানা জটিলতার মধ্যে পড়তে হবে।
মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ যে ৮০৩২ জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে তা যাচাই-বাছাই শুরু করবে মিয়ানমার। তবে কবে নাগাদ ওই পুর্নবাসন প্রক্রিয়া শুরু হবে তা কেউ জানেন না।